চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই মামলার ২৪ ঘন্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) রাতে এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী উপজেলার কালুরঘাট সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার দুইজন হলো- কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আধারঘোনা গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে মো.কাদের (১৯) ও একই এলাকার আবু তাহেরের ছেলে নাহিদুল ইসলাম (২২)।
পুলিশ জানায়,গত ৩ জুন মধ্যরাতে আনোয়ারা উপজেলা সদরের বিলপুর রাস্তার মাথা এলাকায় সিএনজি চালক সাইফুদ্দিনকে মারধর করে অটোরিকশা ছিনতাই করা হয়। এর আগে অভিযুক্তরা যাত্রী সেজে বাঁশখালী উপজেলার গুনাগরী সিএনজি স্টেশন থেকে ভাড়ায় নিয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে আরও দুইজন লোক অটোরিকশায় উঠেন। পরে উপজেলার মালঘর বাজারে যাওয়ার কথা বলে পথিমধ্যে চালককে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নেয়।
ঘটনার পরদিন বৃহস্পতিবার অটোরিকশার মালিক গোলাম কুদ্দুস আনোয়ারা থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ। চট্টগ্রামের পুলিশ সুপার মো.মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে ও আনোয়ারা সার্কেলের সহকারি পুলিশ সুপার মাহমুদুল হাসানের নির্দেশনায় একটি বিশেষ টিম গঠন করা হয়। অভিযানের সময় ছিনতাই হওয়া সিএনজিচালিত অটোরিকশাসহ আন্ত.জেলা অটোরিকশা ছিনতাই চক্রের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুনায়েত চৌধুরী বলেন,‘দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত দুইজনকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’