গাইবান্ধায় দুই ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে দুই ভুয়া সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৫জুন) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার শিবপুর এলাকার মৃত কল্লোল সরকারের ছেলে মো. দাইয়ান শহীদ দীপ সরকার (২৫) এবং গোবিন্দগঞ্জ উপজেলার নাওভাঙ্গা এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. সোহানুর রহমান শান্ত (২৭)। 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা গাইবান্ধার বিভিন্ন গ্রামাঞ্চলে যেতেন। তারা সহজেই মানুষের আস্থা অর্জন করতেন। বিশেষ করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের টার্গেট করে তারা টাকা হাতিয়ে নিতেন। নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিতেন। পরে গ্রামের অসহায় ও নিম্নআয়ের মানুষের সঙ্গে প্রচারক চক্রের সদস্যরা যোগাযোগ রাখতেন।

তারা অনলাইনে ভাতা, উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার আশ্বাস দিতেন। সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে টাকা ও জাতীয় পরিচয় পত্রের ছবি তুলে নিতেন।

গত বৃহস্পতিবার যৌথ বাহিনী অভিযান চালিয়ে উপজেলার  উত্তর সিংগা গ্রামে থেকে তাদের আটক করা হয়। এসময় প্রতারক চক্রের আস্তানা থেকে বিপুল সংখ্যক মোবাইল ফোন, সিমকার্ড, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সিসিটিভি ক্যামেরা, হার্ডডিস্কসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে ভুয়া পরিচয়ে অর্থ সংগ্রহের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক। তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। পূর্বে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।