নলীয়া নদীতে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার নলীয়া নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পর শিশু ফারজানার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (৫ জুন) সকাল ৮টার দিকে পার্শ্ববর্তী আইজপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ফারজানা মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা আলী মোল্লার মেয়ে।

পরিবার জানায়, বৃহস্পতিবার (৪ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে ফারজানা  অপর দুজন শিশুর সঙ্গে  বাড়ির পাশের  নলীয়া নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে ফারজানা তলিয়ে যায়। ফারজানার সঙ্গী অপর দুটি শিশু ফারজানার নিখোঁজের বিষয়টি জানালে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু তার কোনো সন্ধান না পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসকে জানানো হয়।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মো.হুমায়ুন কবির জানান, শিশুটি নিখোঁজের সংবাদটি পেলে খুলনা থেকে ডুবুরি দল আনা হয়।  ডুবুরি দলের তল্লাশি চালিয়ে শিশুটির সন্ধান পায়নি। এক পর্যায়ে শুক্রবার সকালে মৃতদেহটি ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করে।