মুন্সীগঞ্জে কুকুরের কামড়ে আহত দুই শিশু

মুন্সীগঞ্জ শহরের পৃথক দুই স্থানে কুকুরের কামড়ে দুই শিশু আহত হয়েছে। আহত শিশুদের মধ্যে রয়েছে মো. সিফান (৬) ও সুপ্ত পাল (৭)। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে শহরের ভিটি শিলমন্দি দক্ষিণপাড়া গ্রাম এবং বিকেলে রুহিতপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত সিফান ভিটি শিলমন্দি দক্ষিণপাড়া গ্রামের প্রবাসী মো. সবুজের ছেলে এবং অপর আহত সুপ্ত রুহিতপুর গ্রামের শ্যামল পালের ছেলে।

আহত সুপ্ত পালের বাবা শ্যামল পাল জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তার ছেলে অন্যান্য শিশুদের সঙ্গে দুর্গা মন্দিরের সামনে খেলছিল। এ সময় হঠাৎ একটি কুকুর এসে তাকে কামড় দেয়।

ভিটি শিলমন্দি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মো. ফয়সাল জানান, দুপুর দেড়টার দিকে স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হয়ে দেখেন, শিশু সিফানকে একটি কুকুর কামড় দিয়েছে। কুকুরটিকে ধরতে এলাকাবাসী চেষ্টা চালাচ্ছে।

সিফানের মা মিম আক্তার বলেন, ‘ছেলেকে হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে এসেছি। আমার ছেলেকে শরীরের একাধিক স্থানে কুকুর কামড় দিয়েছে। সে বর্তমানে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে।’

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইউসুফ আলী বলেন, ‘কুকুরের কামড়ে আহত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত রয়েছে।’