চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. আবুল কাশেম (৮৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বরুমতি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আবুল কাশেম চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ভাই খলিফাপাড়া এলাকার মরহুম আলতাফ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বরুমতি ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় দোহাজারীগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাওয়াদ জানান, হাসপাতালে আনার আগেই আবুল কাশেমের মৃত্যু হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে দোহাজারী হাইওয়ে থানার একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’