হাঙ্গেরি আজ শুক্রবার থেকে তিনটি দেশের নাগরিকদের জন্য কর্মী ভিসা দেওয়া বন্ধ করতে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গণমাধ্যমটি জানায় হাঙ্গেরির সরকার শুক্রবার থেকে ফিলিপাইন, জর্জিয়া এবং আর্মেনিয়ার কর্মীদের ভিসা দেওয়া বন্ধ করে দেবে বলে একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন। ওই মুখপাত্র এই পদক্ষেপকে দেশটিতে অতিথি কর্মীদের আগমন নিয়ন্ত্রণের প্রথম ধাপ হিসেবে অভিহিত করেছেন।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার জানিয়েছেন যে চলতি জুন মাস থেকে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর কর্মীদের ভিসা দেওয়া বন্ধ করে দেবে তারা। তিনি জানান, তার দেশের সরকার অতিথি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ কঠোর করতে যাাচ্ছে। স্থানীয় কর্মীদের বেতন নিয়েও অভিযোগ রয়েছে বলে মুখপাত্র ভান্ডা সজোন্ডি একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী হাঙ্গেরির মোট কর্মশক্তির মাত্র ২% বিদেশি কর্মী, কিন্তু পরিষেবা এবং উৎপাদন খাতের মতো কিছু খাত বিদেশি কর্মীদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
জানা গেছে দেশটির সরকার শুক্রবার থেকে ফিলিপাইন, জর্জিয়া এবং আর্মেনিয়া থেকে একটি সরলীকৃত পদ্ধতিতে কর্মী আমদানির জন্য জনশক্তি সংস্থাগুলোকে অনুমতি দেওয়া অধ্যাদেশটি পরিবর্তন করতে যাচ্ছে। তবে কর্মরত কর্মীরা মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে পারবেন এবং জমা দেওয়া আবেদনগুলোও মূল্যায়ন করা হবে।
সরকার এই সংস্কারকে একটি পরিকল্পিত দীর্ঘমেয়াদী সমাধানের প্রথম পদক্ষেপ বলে অভিহিত করেছে। হাঙ্গেরির কয়েকজন বিদেশি বিনিয়োগকারী বলেছেন, অতিথি শ্রমিকদের আগমন সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে কোম্পানিগুলো এবং বৃহত্তর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।