চট্টগ্রামে সরকারি জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন। নগরের খুলশি থানাধীন ফয়’স লেক ও লেকভ্যালি আবাসিক এলাকায় শুক্রবার (৫ জুন) রাত ১১টার দিকে আশপাশে প্রায় দুই ঘণ্টা ধরে এ সংঘর্ষে ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লেকভ্যালি আবাসিক এলাকায় সরকারি একটি জমিতে দেয়াল নির্মাণ ও তা ভাঙাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সংঘর্ষে প্রায় আটজন আহত হন।
নগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। প্রাথমিকভাবে ৮ থেকে ১০ জন আহত হওয়ার তথ্য রয়েছে। আহতদের মধ্যে কয়েকজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।