বিজয়নগরে কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুইপক্ষের সংঘর্ষ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশীনগর গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব। তবে রাকিবের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হয়নি কিশোরীর পরিবার। এ নিয়ে বিরোধের জেরে সম্প্রতি কিশোরীর পড়ালেখা বন্ধ করে দেয় পরিবার।  

গতকাল মঙ্গলবার রাতে রাকিব ওই কিশোরীর সঙ্গে দেখা করতে তার বাড়ির সামনে গেলে কিশোরীর পরিবারের সদস্যরা তাকে গালিগালাজ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
 
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরীর বিয়ে সংক্রান্ত ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত