কুমিল্লার মুরাদনগরে পুকুরে থেকে এক বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে রাম দা, হকিস্টিক, লোহার পাইপসহ হাতে তৈরি বিভিন্ন দেশীয় অস্ত্র। শনিবার (৬ জুন) সকালে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের পন্ডিত বাড়ি পুকুর থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নবীপুর গ্রামের কয়েকজন লোক সকালে মাছ ধরার জন্য পুকুরে নামেন। এসময় পানির নিচে পায়ের মধ্যে বড় আকৃতির একটি ভারী বস্তার হোচট লাগলে তারা সেটি পানি থেকে পুকুরের পাড়ে তুলে আনেন। পরে এলাকাবাসী মুরাদনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, দেশীয় অস্ত্রগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।