বাংলাদেশ লোক গবেষণা পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৫ জুন) বিকালে রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্র-এর একটি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত লেখক, গবেষক ও লোকসংস্কৃতি অনুরাগীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন শিকদার। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম শাহীন। কবি বঙ্গ রাখাল-এর সঞ্চালনায় প্রতিনিধি ও পর্যবেক্ষকদের অভিব্যক্তি প্রকাশ এবং পরামর্শ প্রদান পর্ব অনুষ্ঠিত হয়।
এ পর্বে বক্তব্য দেন আব্দুল্লাহ আল আমিন, শিকদার ওয়ালিউজ্জামান, কমল হাসান, সাইফুল ইসলাম, সৈয়দ জাহিদ হাসান, মোহাইমিনুল ইসলাম, মো. আসাদুজ্জামান, মো. মসিউর রহমান, সুধন্য মণ্ডল, আবুল বাসার তালুকদার, আলী প্রয়াস, আবীর আকাশ, জাহিদ হোসেন বাবু, সরকার হুমায়ুন এবং যাহিদ সুবহান। তারা সংগঠনের কার্যক্রম, অর্জন, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
পরবর্তীতে পার্থ তালুকদার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে অংশ নেন উপদেষ্টা সদস্য ড. বিএম রেজাউল করিম, নজমুল হেলাল, চন্দনকৃষ্ণ পাল, ম. পানাউল্যাহ, সৈয়দ রবিউল আলম, রাখাল বিশ্বাস এবং অর্জুন বিশ্বাসসহ আরও অনেকে।
আলোচনায় বক্তারা সংগঠনের প্রতি নিজেদের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অর্জিত ইতিবাচক ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতাও ভাগাভাগি করেন। কক্সবাজার, রংপুর, জয়পুরহাট, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, ময়মনসিংহ, মেহেরপুর, পাবনা, সিলেট, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, মাগুরা, নেত্রকোনা, মানিকগঞ্জ ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত লেখক ও গবেষকরা মতামত প্রকাশের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক পরিচয় ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শেষাংশে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম শাহীন এবং সাধারণ সম্পাদক সুমন শিকদার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন। তারা সংগঠনকে আরও গতিশীল ও গবেষণামুখী করে তোলার বিভিন্ন পরিকল্পনার কথা জানান।
দ্বিতীয় পর্বের শুরুতে ড. অসীম সাহা-এর সঞ্চালনায় বাংলাদেশ লোক গবেষণা পরিষদ পত্রিকার ভলিউম-১-এর মোড়ক উন্মোচন করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন সহসভাপতি শামসুল আরেফীন এবং সুমন বনিক।
এ সময় সাধারণ সম্পাদক সুমন শিকদার সংগঠনের বার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও ভবিষ্যৎ কর্মসূচির বিস্তারিত রূপরেখা উপস্থাপন করেন। সমাপনী বক্তব্যে সভাপতি সাইফুল ইসলাম শাহীন লোকজ ঐতিহ্য, সংস্কৃতি ও গবেষণার প্রসারে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সংগীত পরিবেশন করেন সংগঠনের উপদেষ্টা ও খ্যাতিমান শিল্পী অর্জুন বিশ্বাস।