নেত্রকোনার দুর্গাপুরের সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় রাত্রী সরকার নামে এক কিশোরীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় সিলভার চাকমা নামের এক মানব পাচারকারীকেও আটক করা হয়।
শনিবার (৬ জুন) দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনে দুর্গাপুর উপজেলার ভবানীপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার ও পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধার হওয়া রাত্রী সরকার (১৪) একই উপজেলার বড়ইগঞ্জ গ্রামের রূপক সরকারের মেয়ে।
আটক পাচারকারীর সিলভার চাকমা দুর্গাপুর থানার ভরতপুর গ্রামের মৃত এনফন্ট নকরেটের ছেলে।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পুশ-ইন বা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি'র সকল বিওপিতে বিশেষ টহল তৎপরতা চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে সীমান্ত মেইন পিলার ১১৫৬/৮-এসের নিকটবর্তী ফারংপাড়া গ্রামের বটতলা এলাকা দিয়ে ওই কিশোরীকে ভারতে পাচারের সময় টহল দল হাতেনাতে ধরে ফেলে।
আটক পাচারকারী এবং উদ্ধার হওয়া কিশোরীকে আইনি প্রক্রিয়া শেষে দুর্গাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।