ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান উল্টে চালক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাবলু (৫০) নামে কাভার্ডভ্যানটির চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সহকারী (হেলপার)।

শনিবার (৬ জুন) সকাল আটটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবলু টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাসিন্দা। তিনি মৃত সানোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের চলন্ত অবস্থায় হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। পরে কাভার্ডভ্যানটি উল্টে গেলে দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং সাময়িকভাবে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনায় চালক বাবলু ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তার সঙ্গে থাকা হেলপার। স্থানীয় লোকজন ও পুলিশ আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। আহত হেলপারের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সড়কের পাশে সরিয়ে রাখা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।