ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ইয়ুথ সামিটে ইন-পার্সন ডেলিগেট হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য মো. তৌফিক এলাহী এবং তিশা খন্দকার নির্বাচিত হয়েছেন। বিশ্বব্যাপী আবেদনকারীদের মধ্য থেকে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ মূল্যায়নের মাধ্যমে আন্তর্জাতিক এই সম্মেলনে অংশগ্রহণের জন্য তাদেরকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
আগামী ১১ ও ১২ জুন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্বব্যাংক গ্রুপের সদরদপ্তরে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিশ্বব্যাংক গ্রুপের এ বার্ষিক আয়োজনটি ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির মতো বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। এ বছরের সামিটের প্রতিপাদ্য হলো, ‘ফিউচার ওয়ার্কস: ডিজাইনিং জবস ফর দ্য ডিজিটাল এইজ’।
সামিটে সরাসরি অংশ নেওয়ার সুযোগ সীমিত হওয়ায় বিশ্বব্যাপী আবেদনকারীদের মধ্য থেকে একটি কঠোর ও প্রতিযোগিতামূলক মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিনিধিদের নির্বাচন করা হয়। সেই প্রক্রিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ অর্জন করেছেন তৌফিক এলাহী ও তিশা খন্দকার।
ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ইয়ুথ সামিটের মূল লক্ষ্য হলো, তরুণদের উন্নয়নমূলক চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করা, প্রভাবশালী উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও সরঞ্জাম প্রদান করা এবং বিশ্বব্যাংক গ্রুপসহ বিভিন্ন বৈশ্বিক অংশীজনের সঙ্গে তরুণদের সংলাপের সুযোগ সৃষ্টি করা।