রাজস্ব আদায় বাড়ানো, সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা এবং বিদ্যুৎ-গ্যাস খাতের ভর্তুকি ব্যবস্থায় সংস্কার আনতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বছরে ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে। একই সঙ্গে ২০৩৫ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে রাজস্ব আয় ৮ শতাংশ থেকে বেড়ে ১৪ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে। এ জন্য দ্রুত ও ধারাবাহিক আর্থিক সংস্কারের তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল বৃহস্পতিবার বিশ্বব্যাংকের প্রকাশিত ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ, ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়েছে, দেশে রাজস্ব আদায় কম, পরিচালন ব্যয় বাড়ছে এবং জ্বালানি খাতের আর্থিক চাপ তীব্র হচ্ছে। ফলে উন্নয়ন ব্যয়ের সক্ষমতা কমে যাচ্ছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতে প্রয়োজনীয় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্ব আহরণ জোরদার, সরকারি ব্যয়ের দক্ষতা ও বরাদ্দের মান উন্নয়ন এবং জ্বালানি খাতের আর্থিক ঝুঁকি মোকাবিলা করা গেলে উন্নয়ন বিনিয়োগের জন্য সরকারের হাতে অতিরিক্ত অর্থের সংস্থান হবে। এতে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ধারায় ফিরতে পারবে। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনেও আর্থিক সংস্কারকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের কেন্দ্রীয় ভিত্তি করতে হবে।
বাংলাদেশের রাজস্ব আহরণের দুর্বল চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ অর্থবছরে জিডিপির মাত্র ৬ দশমিক ৮ শতাংশ ছিল কর রাজস্ব। সব মিলিয়ে মোট রাজস্বের পরিমাণ ছিল জিডিপির ৮ শতাংশ। অথচ সমপর্যায়ের দেশগুলোর তুলনায় এই হার অর্ধেকেরও কম। রাজস্ব আদায়ের সীমাবদ্ধতার কারণে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ খাতে সরকারের বিনিয়োগের সুযোগ সংকুচিত হচ্ছে।
কর অব্যাহতিকে রাজস্ব আদায়ের বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ অর্থবছরে বিভিন্ন ধরনের কর অব্যাহতির কারণে রাজস্ব ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ, যা ওই সময়ে সরকারের মোট কর রাজস্বের প্রায় সমান। এ কারণে কর অব্যাহতি যৌক্তিকীকরণ, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আমদানি-রপ্তানি পর্যায়ের কর ব্যবস্থায় সংস্কারের সুপারিশ করেছে সংস্থাটি।
সরকারি বিনিয়োগের চিত্রও উদ্বেগজনক। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ অর্থবছরে সরকারি মূলধনি ব্যয় ছিল জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ। ২০২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৮ শতাংশে। একই সময়ে শিক্ষা খাতে ব্যয় ছিল জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশ, যা সমপর্যায়ের দেশগুলোর তুলনায় অনেক কম। সরকারি বিনিয়োগ কমে যাওয়ায় অবকাঠামো, দক্ষতা উন্নয়ন ও মানবসম্পদ তৈরিতে দীর্ঘমেয়াদি প্রভাব পড়ছে।
এদিকে সরকারের ঋণের সুদ পরিশোধের ব্যয়ও বাড়ছে। ২০১৭ অর্থবছরে এ খাতে ব্যয় ছিল জিডিপির ১ দশমিক ৫ শতাংশ। ২০২৬ অর্থবছরে তা বেড়ে আনুমানিক ২ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। বিশেষ করে অভ্যন্তরীণ ব্যাংক খাত থেকে সরকারের বেশি ঋণ নেওয়ায় বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ কমছে।
জ্বালানি খাতের ভর্তুকিকে সরকারের আর্থিক চাপের অন্যতম বড় উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি ২০১৮ অর্থবছরে জিডিপির শূন্য দশমিক ৩ শতাংশ ছিল। ২০২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৫ শতাংশে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এ চাপ আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে ব্যয় সাশ্রয়ী ও নিয়মভিত্তিক জ্বালানির মূল্য নির্ধারণ ব্যবস্থা চালুর সুপারিশ করেছে বিশ্বব্যাংক।
তবে জ্বালানির দাম সমন্বয়ের ক্ষেত্রে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, সবার জন্য ব্যাপক ভর্তুকি না দিয়ে প্রকৃত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কাছে লক্ষ্যভিত্তিক সহায়তা পৌঁছে দিতে হবে। এ জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা ও কার্যকারিতা বাড়ানো, শক্তিশালী সামাজিক নিবন্ধন ব্যবস্থা গড়ে তোলা এবং ফ্যামিলি কার্ড প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সংস্কারের লক্ষ্য দরিদ্র মানুষের সুরক্ষা কমানো নয়; বরং সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে আরও কার্যকরভাবে পৌঁছায়, তা নিশ্চিত করা।
দেশে দারিদ্র্যের হার বৃদ্ধির বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। বিশ্বব্যাংকের হিসাবে, ২০২২ সালে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। ২০২৬ সালে তা বেড়ে ২২ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। এ পরিস্থিতিতে জ্বালানি মূল্য ও ভর্তুকি সংস্কারের পাশাপাশি দরিদ্র মানুষের জন্য সামাজিক সুরক্ষা আরও কার্যকর করার প্রয়োজনীয়তা রয়েছে।
কর্মসংস্থানের ক্ষেত্রেও বাংলাদেশের চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। কর্মক্ষম বয়সী নারীদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজনই শ্রমবাজারের বাইরে রয়েছেন। অন্যদিকে দেশের মোট কর্মীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। দক্ষতা উন্নয়ন, অবকাঠামো এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহে সরকারের দীর্ঘদিনের অপর্যাপ্ত বিনিয়োগ বেসরকারি খাতের বিকাশ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণে করনীতি ও কর প্রশাসনকে পৃথক করার সুপারিশ করেছে বিশ্বব্যাংক। পাশাপাশি কর প্রশাসনের ডিজিটাল ব্যবস্থাগুলোর মধ্যে সমন্বয়, একক করদাতা পরিচিতি নম্বর চালু এবং কর ব্যবস্থাপনার আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভ্যাট ও বাণিজ্য কর ব্যবস্থার সংস্কারের পাশাপাশি অযৌক্তিক কর অব্যাহতি কমিয়ে রাজস্বের আওতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
জ্বালানি খাতে ব্যয় ও মূল্য নির্ধারণে স্বচ্ছতা আনতে নিয়মভিত্তিক ও ব্যয় প্রতিফলিত হয় এমন মূল্যব্যবস্থা চালুর সুপারিশ করেছে সংস্থাটি। একই সঙ্গে আরও শক্তিশালী ও স্বাধীন জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। সংস্কারের ফলে সরকারের যে আর্থিক সক্ষমতা তৈরি হবে, তা স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো খাতে বিনিয়োগের কাজে ব্যবহারের কথা বলা হয়েছে। এ জন্য সরকারি প্রকল্প পরিকল্পনা, বাজেট প্রণয়ন ও ব্যয় ব্যবস্থাপনার মান উন্নয়নের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্ব আহরণ বাড়ানো, ভর্তুকি লক্ষ্যভিত্তিক করা, সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি এবং জ্বালানির মূল্য নির্ধারণে সংস্কার আনা হলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বছরে ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে। এসব সংস্কার পুরোপুরি বাস্তবায়িত হলে ২০৩৫ অর্থবছরে জিডিপির অনুপাতে রাজস্ব আয় বেড়ে ১৪ দশমিক ৪ শতাংশে দাঁড়াতে পারে। অন্যদিকে সীমিত সংস্কার করা হলে একই সময়ে রাজস্ব আয় জিডিপির ১০ শতাংশে সীমাবদ্ধ থাকতে পারে।
প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, সংস্কার বাস্তবায়িত হলে ২০৩৫ অর্থবছরে জিডিপির অনুপাতে সরকারি ব্যয় বেড়ে ১৮ শতাংশে পৌঁছাতে পারে। এ সময় পুরো মেয়াদজুড়েই বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে থাকবে। ২০৩৫ অর্থবছরে তা কমে ৩ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে।
বিশ্বব্যাংকের মতে, আর্থিক সংস্কারের মাধ্যমে সরকারের রাজস্ব সক্ষমতা বাড়ানো এবং ব্যয়ের গুণগত মান নিশ্চিত করা গেলে উন্নয়ন বিনিয়োগ বাড়ার পাশাপাশি বেসরকারি খাতের বিকাশ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করে দেশের অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।