রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে চেয়ার-টেবিল ভাঙচুর

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফল উৎসব অনুষ্ঠানের তৈরি মঞ্চের টেবিল ও চেয়ার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তের হামলায় এনসিপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এনসিপি নেতাকর্মীদের রোশানলে পড়েন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে রূপগঞ্জ উপজেলার এনসিপির ফল উৎসবের আয়োজন করে। শনিবার বিকেলে অনুষ্ঠিত ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও এনসিপির মুখ্যপাত্র নাসির উদ্দিন পাটোয়ারী। ফল উৎসবকে ঘিরে আগের দিন থেকেই প্যান্ডেল ও মঞ্চ তৈরি কাজ চলছিল। শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেল মহড়া দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই মঞ্চ ও প্যান্ডেল ভেঙে ফেলে। পরে শনিবার ৩টার দিকে প্যান্ডেল ও মঞ্চ তৈরির প্রস্তুতি চলাকালীন সময়ে হঠাৎ করে ৫০টি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মঞ্চ ভাঙচুর শুরু করেন। এ সময় মঞ্চের সামনের চেয়ার-টেবিল ব্যাপক ভাঙচুর করে তারা। হামলাকারীদের হামলায় এনসিপির রূপগঞ্জ উপজেলা যুগ্ম সদস্য সচিব ফারাবি হাসান, নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সদস্য সচিব ইউসুফ মোল্লা, জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংসদ সিনিয়র সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতসহ এনসিপির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এবিষয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ুন বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা আমাদের দলের কেউ না। দলের দুর্নাম করার জন্যই আওয়ামী পেতাত্তারা এ ঘটনা ঘটিয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, এনসিপির একটি ফল উৎসবের প্রোগ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করেছি। তারা নির্বিঘ্নে তাদের ফল উৎসবের প্রোগ্রাম করতে পারবেন।