ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী লিমন মাহমুদ হাসানের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় প্রার্থীর নিজ গ্রাম কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা শোভাযাত্রা বের করেন।
শোভাযাত্রাটি বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়ক হয়ে নবীনগর-রাধিকা সড়কের আলিয়াবাদ গোলচত্বরে পৌঁছায়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। পরে পথসভায় প্রার্থী লিমন মাহমুদ হাসানসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, নবীনগরের উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান এবং জনবান্ধব উপজেলা গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।
পথসভায় লিমন মাহমুদ হাসান বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। নির্বাচিত হলে নবীনগরের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
পথসভা শেষে মোটরসাইকেল শোভাযাত্রাটি নবীনগর পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রার্থী ও তার সমর্থকরা নিজ গ্রাম নোয়াগাঁওয়ে ফিরে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লিমন মাহমুদ হাসান জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নোয়াগাঁও গ্রামের সিরাজুল ইসলামের (সিরন মাস্টার) সন্তান।