মাধবপুরে র‌্যালি

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো জরুরি

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করে সংশ্লিষ্টরা। হবিগঞ্জের মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক এক র‌্যালির আয়োজন করা হয়।

শনিবার (৬ জুন) সকালে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত র‌্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল হাসনাত, জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. নুসরাত জাহান, মেডিকেল অফিসার ডা. সাবরিনা সুলতানা মুস্তারিন, সহকারী সার্জন (ডেন্টাল) ডা. নিবেদিতা দেবসহ হাসপাতালের অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

র‌্যালি-পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।