নড়াইলের লোহাগড়া উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে বজ্রসহ বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে টিটুল খান (৪৫) এবং নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বিল্লাল বিশ্বাসের ছেলে বাবুল বিশ্বাস (৪২)।
এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে টিটুল খান বাড়ি থেকে কিছুটা দূরে মধুমতি নদীর চরে গরুকে পানি খাওয়ানোর উদ্দেশ্যে যান। কিছুক্ষণ পর আকাশে কালো মেঘ জমে এবং একপর্যায়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। মাঠে অবস্থানকালে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বৃষ্টি থেমে যাওয়ার পর স্থানীয় লোকজন মাঠে গিয়ে তাকে জমির মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে তার পরিবারকে খবর দেওয়া হলে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
অন্যদিকে, নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের কৃষক বাবুল বিশ্বাস বজ্রপাতের সময় ইছামতি বিলে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তাকে সন্ধ্যায় নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় দুই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।