গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলায় নিহত ৬

ফিলিস্তিনের গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে দখলদার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে।

গণমাধ্যমটির প্রতিবেদক হানি মাহমুদ বলেন, বিয়ের জন্য বানানো তাঁবু ও এর আশপাশে বেশ কয়েকটি বোমা ফেলা হয়। এতে বোমার বিস্ফোরক ও ধাতব টুকরা আশপাশে ছিটকে পড়ে।

তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কোথায় এবং কখন এই হামলা হয়েছে, তা জানায়নি আল জাজিরা।

এদিকে আল-শিফা হাসপাতালের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, হামলায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।