রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ড্রোন হামলা

এবার রাশিয়ায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। জানা গেছে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে ওই ড্রোন হামলা চালায় ইউক্রেন। এ ঘটনাকে ‘অভূতপূর্ব হামলা’ হিসেবে উল্লেখ করেছে রাশিয়া।

অবশ্য রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের আশপাশের লেনিনগ্রাদ অঞ্চলে ১৪০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেন্ট পিটার্সবার্গে প্রথমবারের মতো বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়।

লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজডেনকো জানান, হামলার ফলে একটি অজ্ঞাত সামরিক স্থাপনায় আগুন ধরে যায় এবং কয়েকটি এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার বাহিনী রাশিয়ার অস্ত্রাগার ও নৌঘাঁটিতে হামলা চালিয়েছে। এটি রাশিয়ার আগ্রাসনের ‘ন্যায্য জবাব’ বলেও উল্লেখ করেন তিনি।

জেলেনস্কির দাবি অনুযায়ী, ইউক্রেনীয় ড্রোন প্রায় ১ হাজার কিলোমিটার দূরে গিয়ে সেন্ট পিটার্সবার্গ অঞ্চলে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। একইসঙ্গে, দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার এলাকায় একটি তেল ডিপোতেও হামলার দাবি করা হয়েছে।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে সরাসরি আলোচনার আহ্বান ও যুদ্ধবিরতির প্রস্তাব নিয়েও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রাশিয়ার দাবি, ইউক্রেনের হামলা রাশিয়ার ভেতরে স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা। অন্যদিকে কিয়েভ বলছে, এটি রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করার কৌশলগত অভিযান।