রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

রাজধানীর মিরপুর ও উত্তরখান এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজনসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। উত্তরার উত্তরখানে দগ্ধরা হলেন আলী হোসেন (৫০), তার স্ত্রী হাসনাহেনা (৪০) ও মেয়ে আঁখি (৩০)। মিরপুরে ১০ নম্বর গোলচত্বর এলাকায় দগ্ধরা হলেন মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উত্তরখানের বাসায় ও ভোর ৪টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ঘটনা দুটি ঘটে।

উত্তরখানের ঘটনায় আহতদের স্বজনরা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন তারা। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মিরপুরের ঘটনায় দগ্ধ মিরাজের স্ত্রী খাদিজা আক্তার জানান, তাদের বাসা মিরপুরের পাইকপাড়া এলাকায়। মিরাজ পেশায় একজন শ্রমিক। শনিবার ভোরে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ভেকু দিয়ে রাস্তা খননের কাজ চলছিল। এ সময় কেউ একজন সিগারেট ধরাতেই গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, উত্তরার ঘটনায় আলী হোসেনের প্রায় পুরো শরীর, হাসনাহেনার ৬০ শতাংশ এবং আঁখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। আর মিরপুরে দগ্ধ তিন যুবকের মধ্যে মিরাজের শরীরের ১৫ শতাংশ, সুজনের ২৪ শতাংশ এবং বিপ্লবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।