বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে গুলশান-২ চত্বরে গত শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর ও গুলশান সোসাইটির সমন্বয়ে শব্দ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লূৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শফিকুল ইসলাম খান বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ জন্য সবাইকে শব্দদূষণ নিয়ন্ত্রণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে ডিএনসিসি আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ লূৎফর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তর ২০২০ সাল থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সারা দেশে অংশীজনদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, মোবাইল কোর্ট পরিচালনা, কর্মশালা আয়োজন সচেতনতা বৃদ্ধিতে সাইনবোর্ড টানানোসহ বিভিন্ন প্রচারণা ও ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এ ট্রাফিক পুলিশকে ক্ষমতা প্রদানের পর থেকে ডিএমপির ট্রাফিক বিভাগ ব্যাপকভাবে শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এর সুফল নগরবাসী ধীরে ধীরে পেতে শুরু করবে। আরও বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর ঢাকা মহানগরের পরিচালক এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প পরিচালক ফরিদ আহমদ এবং গুলশান, বনানী, বারিধারা, নিকেতন সোসাইটির নেতৃবৃন্দসহ গ্রিন ভয়েস ও গ্রিন সেভার্সের প্রতিনিধিরা। সমাবেশ শেষে গুলশান-২ চত্বরের আশপাশের এলাকায় ক্যাম্পেইন পরিচালিত হয়।