বিশ্বকাপের ঠিক আগে হন্ডুরাসের বিপক্ষ প্রস্তুতি ম্যাচে মজার এক ঘটনা ঘটেছে।
ম্যাচের ৮০ মিনিটে যখন টমাস আরান্দাকে মাঠে নামান কোচ লিওনেল স্কালোনি, তখন তার মুখে ছিল চুইংগাম! আন্তর্জাতিক ফুটবলের এত বড় মঞ্চে অভিষেকের কোনো চাপ যেন তাকে ছুঁতেই পারেনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই নতুন বিস্ময় বালককে নিয়ে বেশ মজার এক গল্প শুনিয়েছেন খোদ আর্জেন্টাইন মাস্টারমাইন্ড।
তরুণ আরান্দার খেলার ধরন এবং তার এই অদ্ভুত শান্ত স্বভাব নিয়ে স্কালোনি বলেন, 'আরান্দার মাঝে একটা 'পোত্রেরো' (সহজাত ফুটবলীয় জেদ) ভাব আছে, সে বল পায়ে রাখতে চায়। সে মাঠে চুইংগাম চিবোতে চিবোতে এত শান্তভাবে ঢুকেছিল, যেন সে নিজের ঘরের মাঠে খেলছে! আমি পরে তাকে চুইংগামটি ফেলে দিতে বলি।'
তবে শুধু আরান্দা একাই নন, পুরো সংবাদ সম্মেলন জুড়েই স্কালোনি কথা বলেছেন দলের ইনজুরি, চার তরুণের রাজকীয় অভিষেক এবং ম্যাচ শেষে লিওনেল মেসির বিশেষ অনুশীলন নিয়ে। আর্জেন্টিনা ভক্তদের জন্য স্কালোনির প্রেস কনফারেন্সের সেই গুরুত্বপূর্ণ অংশগুলো নিচে তুলে ধরা হলো:
বালের্দির ইনজুরি ও বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তনের ইঙ্গিত
ডিফেন্ডার লিওনার্দো বালের্দির ইনজুরিজনিত কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে যাওয়াটা দলের জন্য বড় ধাক্কা। স্কালোনি তার এই অনাকাঙ্ক্ষিত বিদায় নিয়ে দুঃখ প্রকাশ করেন। একই সাথে তিনি স্পষ্ট বার্তা দিয়ে রেখেছেন যে, দলে থাকা অন্য চোটাক্রান্ত খেলোয়াড়রা যদি আগামী কয়েকদিনের মধ্যে শতভাগ ফিট হতে না পারেন, তবে বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের তালিকায় আরও পরিবর্তন আসতে পারে। ৯ দিন পর মূল আসর শুরু হতে যাওয়ার কারণে তারা কোনো খেলোয়াড়কে নিয়ে বাড়তি ঝুঁকি নেবেন না।
ম্যাচ শেষে লিওনেল মেসির "বিশেষ শারীরিক সেশন"
পেশির অতিরিক্ত ক্লান্তির কারণে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে সাইডবেঞ্চে রাখা হয়েছিল। তবে ম্যাচ শেষ হওয়ার পর দর্শকদের চমকে দিয়ে মেসি মাঠে নামেন। স্কালোনি জানান, ম্যাচে যারা খেলার সুযোগ পাননি বা খুব কম খেলেছেন, তাদের সাথে মেসিও মাঠের ভেতর একটি বিশেষ শারীরিক সেশন ও অনুশীলন সম্পন্ন করেছেন, যাতে বিশ্বকাপের আগে তার ম্যাচ-ফিটনেস একদম নিখুঁত থাকে।
গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রানের স্বপ্নপূরণ ও বর্তমান বাস্তবতা
রিভার প্লেটের হয়ে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে ডাক পাওয়া ২১ বছর বয়সী গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রানের অফিশিয়াল অভিষেক নিয়ে স্কালোনি বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, "সান্তিকে আমরা আগে থেকেই চিনি, সে দলের স্পারিং পার্টনার হিসেবেও আমাদের সাথে ছিল। তবে আজ সে একটা বাস্তবতা।" স্কালোনি আরও জানান, পরের ম্যাচে জেরোনিমো রুল্লি পোস্ট সামলাবেন, তবে পরিস্থিতি অনুকূলে থাকলে বেলত্রানকেও আরও কিছু মিনিট খেলার সুযোগ দেওয়া হতে পারে।