দেশের বিনিয়োগ পেশার উন্নয়ন এবং আর্থিক খাতের বিকাশে সংগঠনটির এক দশকের অবদানকে স্মরণীয় করে রাখতে চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) সোসাইটি বাংলাদেশের ‘১০ম প্রতিষ্ঠাবার্ষিকী গালা নাইট ’ উদযাপন করা হয়েছে।
শনিবার (৬ জুন) রাজধানীর শেরাটন হোটেলে জাঁকজমকপূর্ণ এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ। তিনি ‘কনডুসিভ ফিসকাল পলিসি ফর এ বেটার ইনভেস্টমেন্ট ক্লাইমেট’ শীর্ষক বক্তব্যে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সহায়ক রাজস্ব ও আর্থিক নীতির গুরুত্ব তুলে ধরেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সিএফএ সোসাইটি বাংলাদেশ দেশে সিএফএ চার্টারহোল্ডার নিয়োগ ও পেশাগত উৎকর্ষতা বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শীর্ষ নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা দেওয়া হয়। স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ ব্যাংক, ব্র্যাক ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, এজ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট ও শান্তা সিকিউরিটিজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি বাংলাদেশ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা, শীর্ষস্থানীয় শিল্প ও আর্থিক খাতের নেতারা, শিক্ষাবিদ, সিএফএ চার্টারহোল্ডার ও বিনিয়োগ পেশাজীবীরা অংশ নেন। তারা দেশের আর্থিক খাতে নৈতিকতা, শিক্ষা এবং পেশাগত উৎকর্ষতার প্রসারে সিএফএ সোসাইটি বাংলাদেশের এক দশকের অবদানকে স্মরণ করেন।