ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছের একটি ব্যবহৃত পারমাণবিক জ্বালানি সংরক্ষণাগারে ড্রোন হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি বলে জানিয়েছেন তিনি।
রবিবার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জেলেনস্কি হামলাটিকে ‘অত্যন্ত জঘন্য’ আখ্যা দেন।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, হামলায় ব্যবহৃত জ্বালানি গ্রহণ ও সংরক্ষণ-সংক্রান্ত একটি ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি এমন একটি স্থাপনার খুব কাছেই অবস্থিত, যেখানে বিপুল পরিমাণ পারমাণবিক উপাদান সংরক্ষিত রয়েছে।
তবে ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা এনার্গোআটম জানিয়েছে, হামলার সময় ক্ষতিগ্রস্ত ভবনে কোনো ব্যবহৃত পারমাণবিক জ্বালানি রাখা ছিল না। হামলার পর সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আইএইএ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শনে শিগগিরই তাদের একটি বিশেষজ্ঞ দল পাঠানো হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া। চেরনোবিল বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থাপনাটি ১৯৮৬ সালের ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার স্মৃতিবাহী এলাকার কাছেই অবস্থিত।
এদিকে ইউক্রেন ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝঝিয়া পারমাণবিক স্থাপনায় হামলার অভিযোগও দীর্ঘদিন ধরে করে আসছে।