মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশ

মূল্যস্ফীতি মে মাসে টানা দ্বিতীয় বারের মতো ৯ শতাংশের ওপরে উঠেছে। একই সঙ্গে এটি গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি রেকর্ড। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ।

সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতির ওপর পড়তে শুরু করেছে। এতে সীমিত আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে। আজ রবিবার (৭ জুন) মে মাসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বিবিএস।

চলতি বছরের এপ্রিল ও মে মাসে দুই দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। গত ১৯ এপ্রিল সরকার সব ধরনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে ১১৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রলের দাম ১১৬ টাকা থেকে ১৩৫ টাকায় উন্নীত করা হয়। পরে ৩১ মে আরও এক দফা মূল্য সমন্বয় করা হলেও তা মে মাসের মূল্যস্ফীতির হিসাবে প্রতিফলিত হয়নি।

বিবিএসের তথ্য অনুযায়ী, মে মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক শূন্য ৬ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৭১ শতাংশে। গ্রাম ও শহর উভয় এলাকাতেই সার্বিক মূল্যস্ফীতি বর্তমানে ৯ শতাংশের বেশি রয়েছে।