আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

চলতি বছরে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার প্রস্তুতি নিচ্ছেন আকাশপ্রেমীরা। আগামী ১২ আগস্ট বিরল মহাজাগতিক এই ঘটনা ইউরোপের বিভিন্ন অঞ্চলের আকাশে দৃশ্যমান হবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

এক বিবৃতিতে ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) বিজ্ঞান পরিচালক ক্যারোল মুন্ডেল বলেছেন, পূর্ণ সূর্যগ্রহণ এমন এক বিরল মুহূর্ত; যখন কোটি কোটি মানুষ একসঙ্গে আকাশের দিকে তাকিয়ে বিস্ময় ও কৌতূহল অনুভব করতে পারেন। 

• কখন এবং কোথায় দেখা যাবে?

আগামী ১২ আগস্ট চাঁদ সরাসরি সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান নেবে। এর ফলে উত্তর আটলান্টিক মহাসাগর ও ইউরোপের কিছু অঞ্চলের ওপর দিয়ে একটি সরু রেখার মতো তৈরি হবে। পূর্ব গ্রিনল্যান্ড, আইসল্যান্ডের পশ্চিমাঞ্চল, স্পেনের উত্তরাঞ্চল এবং পর্তুগালের উত্তর-পূর্ব অঞ্চলের কিছু এলাকা থেকে সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে যেতে দেখা যাবে।

নাসা বলেছে, ইউরোপের অধিকাংশ অঞ্চল, উত্তর আমেরিকার উত্তরাংশ এবং আফ্রিকার উত্তর-উত্তর পশ্চিমাঞ্চল থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এসব এলাকায় সূর্য আংশিক দৃশ্যমান থাকবে। 

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা বলেছে, বাংলাদেশ, ভারত বা এ অঞ্চল থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। স্থানভেদে এর স্থায়িত্ব কালও ভিন্ন হবে। পূর্ণ গ্রহণপথে থাকা অধিকাংশ এলাকার জন্য সূর্য দুই মিনিটেরও কম সময় সম্পূর্ণরূপে আচ্ছাদিত থাকবে।

সূত্র: এনডিটিভি।