ইরান ও মার্কিন-ইসরায়েল সংঘাত নিরসনে পাকিস্তান শুরু থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় এবার মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়েছে দেশটি। এ লক্ষ্যে ইরানি শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
জানা গেছে তেহরানে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একটি বিশেষ লিখিত বার্তা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির উদ্দেশ্যে হস্তান্তর করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে ইরান ও পাকিস্তানের মধ্যে বর্তমান কূটনৈতিক সম্পর্ক পর্যালোচনা এবং পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেছে।
এই সফরের অন্যতম প্রধান এজেন্ডা ছিল অঞ্চলটিতে শান্তি ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টা। ইরান ও মার্কিন-ইসরায়েল দ্বিমুখী সংঘাতের অবসানে শুরু থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে পাকিস্তান।
বৈঠকে সেই চলমান কূটনৈতিক প্রচেষ্টার অগ্রগতি নিয়ে দুই দেশের শীর্ষ কূটনীতিকরা গভীর আলোচনা ও মূল্যায়ন করেন। যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তানের এই মধ্যস্থতা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
