যে হাসপাতাল মানুষের চিকিৎসা সেবা দেয়ার কথা। সেই হাসপাতাল আজ নিজেই আইসিইউতে চলে গেছে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
আজ রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (প্রথম বাজেট অধিবেশন) ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টিআকর্ষণ করে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, শেরপুরের ১৭ লাখ মানুষের একমাত্র ভরসা হাসপাতালের করুন বাস্তবতার চিত্র তুলে ধরতে মহান জাতীয় সংসদে দাঁড়িয়েছি। যে হাসপাতাল মানুষের চিকিৎসাসেবা দেয়ার কথা। সেই হাসপাতাল আজ নিজেই আইসিইউতে চলে গেছে।
শেরপুর সদরের চরাঞ্চলের অধিকাংশ রাস্তাই বর্তমানে কাঁচা উল্লখে করে তিনি বলেন, সেই দুর্গম পথ পাড়ি দিয়ে যখন একজন অসুস্থ ব্যক্তি, একজন মুমূর্ষ রোগী কিংবা গর্ভবতী মা জীবন বাঁচানোর শেষ আশায় শেরপুর সদর হাসপাতালে এসে হাসপাতালের বেড না পেয়ে হাসপাতালে মেঝে, বারান্দা কিংবা করিডোরে দিনের পর দিন কাতরাতে থাকে। বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক। যেখানে সিনিয়র কনসাল্ট্যান্টের ১০টির মধ্যে ১০টি পদ শূন্য। সেখানে প্রতিদিন ৭০০ রোগীর চাপ সামলাতে হিমসিম খায় চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তা কর্মী। সেখানে অ্যাম্বুলেন্স রয়েছে কিন্তু চালক নেই। নয় তলা ভবন রয়েছে কিন্তু রোগীদের জন্য পর্যাপ্ত লিফট নেই।
করোনাকালীন শেরপুর সদর হাসপাতালে প্রায় ১১ কোটি টাকায় একটি আইসিইউ, সিসিইউ ইউনিট নির্মাণ করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে বর্তমানে শেরপুর সদর হাসপাতালের ইউনিটগুলো অকেজো হয়ে পড়ে আছে। দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় ইউনিটটি এখন মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রপাতিও চুরি হয়ে যাচ্ছে। দালাল, চোর, ছিন্তাইকারী ও মাদকসেবীদের অপরাধে পরিণত হয়েছে হাসপাতালের একটি অংশ। পাশেই ময়লার ডাস্টবিনের দুর্গন্ধ সুস্থ মানুষকে অসুস্থ করছে তুলছে।
তিনি বলেন, ২০১৮ সালের পর থেকে এই সদর হাসপাতালে স্বাস্থ্য বিভাগের কোন স্টাফ বা নিয়োগ দেওয়া হয়নি। গত আট বছরের ছয় বারের মত নিয়োগ পরীক্ষার তারিখ দেয়া হলেও কোন এক অদৃশ্য শক্তির কারণে পরীক্ষাটি বারবার পিছিয়ে যায় বলেন তিনি।