২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়তে উদ্যোগ সংসদের

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম

২০৫০ সালের চাহিদা ও উপযোগিতা বিবেচনায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে দক্ষ জনবল কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতা চেয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

রবিবার (২৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির চতুর্থ সভায় এ উদ্যোগের কথা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় আগের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া সংসদ সচিবালয়ের সব গাড়িচালকের শারীরিক সক্ষমতা-সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সভায় ইউএনডিপির সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়ের সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) সংস্কার এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিসের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ধারণাপত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির সদস্যরা।

এ সময় ২০৫০ সালের চাহিদা ও উপযোগিতা বিবেচনায় সংসদ সচিবালয়কে আধুনিকায়নের পাশাপাশি দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ উদ্দেশ্যে ইউএনডিপির সহযোগিতায় আধুনিক ও যুগোপযোগী জনবল কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত জনবল কাঠামোটি আগামী কমিশনের আহ্বান করা সভায় উপস্থাপন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় কমিটির সদস্য চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা, মো. মাহবুবুল আলম ও মোসাম্মৎ শাম্মী আক্তার অংশ নেন। এ ছাড়া সংসদ সচিবালয়ের সচিব, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত