বিশ্বকাপে থাকছে যেসব অত্যাধুনিক প্রযুক্তি

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এবারের আসর শুধু ফুটবলের লড়াই নয়, প্রযুক্তিরও এক মহোৎসব। রেফারিং, পারফরম্যান্স বিশ্লেষণ, নিরাপত্তা ও ডেটা ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেন্সর এবং রোবোটিক প্রযুক্তির ব্যাপক ব্যবহার দেখা যাবে।

প্রযুক্তিগত আকর্ষণের কেন্দ্রে রয়েছে অ্যাডিডাসের নতুন ম্যাচ বল ‘ট্রাইওন্ডা’। বলটির ভেতরে সংযুক্ত রয়েছে ক্ষুদ্র ইনার্শিয়াল মেজারমেন্ট ইউনিট (আইএমইউ) সেন্সর, যা প্রতি সেকেন্ডে ৫০০ বার বলের গতি, অবস্থান ও গতিবিধি পরিমাপ করতে পারে। এই তথ্য সরাসরি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সিস্টেমে পৌঁছাবে, ফলে অফসাইডসহ বিভিন্ন সিদ্ধান্ত আরও দ্রুত ও নির্ভুলভাবে নেওয়া সম্ভব হবে। ফিফা ও লেনোভোর সহযোগিতায় খেলোয়াড়দের থ্রি-ডি ডিজিটাল মডেল বা ভার্চুয়াল অ্যাভাটার তৈরি করা হবে। এর মাধ্যমে খেলোয়াড়দের অবস্থান ও নড়াচড়ার সূক্ষ্ম বিশ্লেষণ সম্ভব হবে। পাশাপাশি রেফারিদের জন্য থাকছে বিশেষ বডি ক্যামেরা।

নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে চার-পা বিশিষ্ট রোবোটিক কুকুর। এ ছাড়া আধা-স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি অফসাইড শনাক্তকরণকে আরও দ্রুত ও নির্ভুল করবে। খেলোয়াড়দের সুস্থতা নিশ্চিত করতে প্রতিটি ম্যাচে বাধ্যতামূলক তিন মিনিটের হাইড্রেশন বিরতিও রাখা হয়েছে। সব মিলিয়ে, এআই, সেন্সর, রোবট ও উন্নত ডেটা সিস্টেমের সমন্বয়ে ২০২৬ বিশ^কাপ ফুটবলের ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে যাচ্ছে।