সিরাজগঞ্জের বেলকুচিতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এসআই পরিবহন ও জেনিন পরিবহনের দুই কাউন্টার মাস্টারকে জরিমানা করা হয়েছে।
রবিবার (৭ জুন) দুপুর ২টায় মুকুন্দগাঁতী বাস কাউন্টার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে বেলকুচি থেকে ঢাকাগামী বাসের যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় এসআই পরিবহন ও জেনিন পরিবহনের টিকিট মাস্টারদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। প্রতিটি মামলায় ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ সময় পরিবহন কর্তৃপক্ষকে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শন এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া যেসব যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছিল, তাদের সেই অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, ‘মানুষকে জিম্মি করে অবৈধভাবে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’