যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডোতে এক উৎসব অনুষ্ঠানে কাছে দুই বন্দুকধারীর গোলাগুলিতে অন্তত ১২ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে টলেডোর ওল্ড ওয়েস্ট অ্যান্ড উৎসবের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, আহতদের সবার বয়স ১৪ থেকে ৬১ বছরের মধ্যে। টলেডোর ডেপুটি পুলিশ প্রধান জো হেফারনন জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, ঘটনাস্থলে অন্তত দুজন বন্দুকধারী ছিল। ধারণা করা হচ্ছে, তারা একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়ছিল, যার মধ্যে পড়ে সাধারণ মানুষ হতাহত হয়েছেন।
টলেডো পুলিশ বিভাগ জানিয়েছে, ঐতিহাসিক এই জেলাটিতে লাইভ মিউজিক ও হোম ট্যুরের মতো জনপ্রিয় বার্ষিক অনুষ্ঠান উপভোগ করতে বিপুল মানুষের সমাগম হয়েছিল। ঘটনার পর থেকে অপরাধীরা পলাতক রয়েছে; তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, মুহুর্মুহু গুলির শব্দের মধ্যে আতঙ্কিত মানুষ প্রাণভয়ে ছোটাছুটি করছেন এবং জরুরি বিভাগের কর্মীরা আহতদের উদ্ধার করছেন। গান ভায়োলেন্স আর্কাইভের বরাতে দিয়ে রয়টার্স জানিয়েছে, টলেডোর এই ঘটনাসহ চলতি বছর যুক্তরাষ্ট্রে ১৭২টি নির্বিচার গুলিবর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে।