জমজমের পানি পানের দোয়া ও নিয়ম

জমজম কূপের পানি অত্যন্ত বরকতময়। রাসুলুল্লাহ (সা.) এ পানির বিশেষ ফজিলতের কথা বর্ণনা করেছেন এবং তা পানের দোয়া ও কিছু আদব শিক্ষা দিয়েছেন। দোয়াটি হলো, ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, ওয়া রিজকান ওয়াসিআ, ওয়া শিফাআম মিন কুল্লি দা-ইন।’ অর্থ হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে উপকারী জ্ঞান, হালাল প্রশস্ত রিজিক এবং সর্বপ্রকার রোগের সুস্থতা চাচ্ছি। (সুনানে দারাকুতনি) জমজমের পানি দাঁড়িয়ে পান করা উত্তম। তবে বসেও পান করা যাবে।

মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে আবু বকর বলেন, ‘আমি ইবনে আব্বাসের কাছে বসা ছিলাম। এক ব্যক্তি তার কাছে এলো। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছো? সে বলল, জমজমের নিকট থেকে। জানতে চাইলেন, তুমি কি তা থেকে প্রয়োজন মতো পান করেছো। সে বলল, কীভাবে? তিনি বললেন, তুমি যখন তা থেকে পানি করবে, তখন কেবলামুখী হবে, আল্লাহর নাম স্মরণ করবে, তিনবার নিঃশ্বাস নেবে এবং তৃপ্তি সহকারে পান করবে। পানি পান শেষে তুমি আল্লাহর প্রশংসা করবে। কারণ, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমাদের ও মুনাফিকদের মধ্যে নির্দশন এই যে, তারা তৃপ্তিসহকারে জমজমের পানি পান করে না।’ (সুনানে ইবনে মাজাহ)