জীবনের যেকোনো গুরুত্বপূর্ণ কাজে সফলতা অর্জনের জন্য দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটি কাজ শুরু করার আগে, দ্বিতীয়টি কাজ শেষ হওয়ার পর।
কোনো কাজ শুরু করার আগে যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করে মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা করতে হবে। তাওয়াক্কুল মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। মহান আল্লাহ বলেন, ‘তারা তাদের রবের ওপরই ভরসা করে।’ (সুরা আনফাল ২) অন্যত্র তিনি বলেন, ‘যখন (কোনো ব্যাপারে) সংকল্পবদ্ধ হও, তখন আল্লাহরই প্রতি ভরসা করো। নিশ্চয় আল্লাহ ভরসাকারীদেরকে পছন্দ করেন।’ (সুরা আলে ইমরান ১৫৯) তাই পরিকল্পনা ও প্রচেষ্টার পাশাপাশি সফলতার জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করা উচিত।
অন্যদিকে কাজ শেষ হওয়ার পর ফলাফল যাই হোক, মহান আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে। কারণ সফলতা ও ব্যর্থতা উভয়ই তার ইচ্ছার অধীন। মহান আল্লাহ বলেন, ‘যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট।’ (সুরা তালাক ৩) বান্দা যখন আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে, তখন তিনি তার জন্য উত্তম পরিণামের পথ খুলে দেন। এই তাওয়াক্কুল ও সন্তুষ্টিই প্রকৃত সফলতার চাবিকাঠি।
