উত্তরখানে গ্যাস লিকেজ দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ তিনজনের মধ্যে আলী হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রবিবার সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আলী হোসেনের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল।

ওই ঘটনায় মৃত আলী হোসেনের স্ত্রী হাসনা হেনার শরীরের ৬০ শতাংশ এবং মেয়ে আঁখি আক্তারের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে। এর আগে, গতকাল শনিবার সকাল ৬টার দিকে উত্তরখানের একটি বাসায় ওই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ আলী হোসেনের ছেলে তুষার জানান, তাদের বাসা উত্তরখানের কাচকুড়া সাইনবোর্ড এলাকায়। শনিবার ভোরে রান্না ঘরে সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগে। এতে তার মা বাবা ও বোন দগ্ধ হন।