সব উপজেলায় হচ্ছে ভূমি কমপ্লেক্স

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৭:৪৮ এএম

দেশের সব উপজেলায় সমন্বিত ভূমি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পসহ আগামীকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় মোট ১৩টি প্রকল্প উপস্থাপন করা হবে। এর মধ্যে নতুন প্রকল্প রয়েছে সাতটি এবং পুরনো প্রকল্পের সংশোধন রয়েছে ছয়টি। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সচিবালয়ে অনুষ্ঠেয় একনেক সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। এটি হবে বর্তমান সরকারের চতুর্থ একনেক সভা।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পগুলোর মধ্যে প্রস্তাবিত ভূমি মন্ত্রণালয়ের আওতায় ‘প্রতিটি উপজেলায় সমন্বিত ভূমি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প’ নতুনভাবে প্রস্তাব করা হবে, যা ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০৩০ সালের ডিসেম্বর সময়ে বাস্তবায়ন করা হবে। প্রকল্প বাস্তবায়িত হলে দেশের জনগণ ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা একই ছাদের নিচে পাবে। প্রকল্পটি গত একনেক সভায়ও উপস্থাপন করা হয়েছিল। তবে চূড়ান্ত অনুমোদন পায়নি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ‘চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প’ শীর্ষক একটি নতুন প্রকল্পও আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিল্প উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ সহজতর করার লক্ষ্যে প্রকল্পটি ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

‘বরিশাল সেচ প্রকল্প রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়)’। প্রকল্পটি ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের জুন সময়ের মধ্যে বাস্তবায়িত হবে। প্রকল্পটি হলো অঞ্চলের সেচ সুবিধার উন্নয়ন এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা।

আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো ‘বৃহত্তর যশোর জলাবদ্ধতা প্রশমন ও সেচ এলাকা উন্নয়ন প্রকল্প’। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সমস্যা মোকাবিলা এবং সেচের আওতা সম্প্রসারণের লক্ষ্যে প্রকল্পটি ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০৩০ সালের জুনে বাস্তবায়ন হবে।

ভৌত অবকাঠামো খাতে স্থানীয় সরকার বিভাগের নতুন প্রকল্প হিসেবে রয়েছে ‘ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্প’। এর মেয়াদ প্রস্তাব করা হয়েছে ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে ‘আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়কের মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প’ও প্রস্তাব করা হচ্ছে। প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প’-এর তৃতীয় সংশোধন। প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৭ সালের জুন পর্যন্ত অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া ঠাকুরগাঁওসহ ৩৩টি জেলার সার্কিট হাউজ ও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট স্থাপন সংক্রান্ত প্রকল্পের মেয়াদ বৃদ্ধির একটি প্রস্তাবও কমিটি পর্যালোচনা করবে।

স্বাস্থ্য খাতে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’ শীর্ষক একটি নতুন প্রস্তাব বিবেচনা করা হবে। শিশু স্বাস্থ্যসেবা শক্তিশালী করার লক্ষ্যে প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘ঢাকা সিএমএইচ-এ ক্যানসার সেন্টার নির্মাণ প্রকল্প’-এর প্রথম সংশোধন প্রস্তাবও তালিকায় রয়েছে। প্রকল্পটির মেয়াদ ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত।

তালিকায় আরও রয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ‘মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম’ প্রকল্পের তৃতীয় সংশোধন প্রস্তাব। এর মেয়াদ ২০১৭ সালের জুলাই থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। একই বিভাগের ‘দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন’ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও উপস্থাপন করা হবে। প্রকল্পটি ২০১৭ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত মেয়াদি ছিল।

এ ছাড়া বিদ্যমান গ্রিড সাবস্টেশন ও সঞ্চালন লাইনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রকল্পের প্রথম সংশোধনী পর্যালোচনা করবে একনেক। প্রকল্পটি ২০২৮ সালের সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

এসব প্রকল্পের বাইরে সংশ্লিষ্ট মন্ত্রী বা সাবেক পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত আরও ছয়টি প্রকল্প সম্পর্কে সভায় অবহিত করা হবে। এগুলোর মধ্যে রয়েছে ৩০টি পৌরসভায় দ্বিতীয় সংশোধিত পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প, সংশোধিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বর্জ্য ব্যবস্থাপনা ও যান্ত্রিক পার্কিং প্রকল্প এবং নাগরিক পর্যায়ে ডাকসেবা সম্প্রসারণ ও সরলীকরণ প্রকল্প।

এ ছাড়া একনেক সভায় ঢাকা সেনানিবাসে এমইএস প্রশিক্ষণ সেলের অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ, বাংলাদেশে বাল্যবিবাহ নির্মূলের প্রচেষ্টা ত্বরান্বিতকরণ কর্মসূচির দ্বিতীয় পর্যায় এবং খুলনায় দ্বিতীয় সংশোধিত পাইকগাছা কৃষি কলেজ প্রতিষ্ঠা প্রকল্প বিষয়ে অবহিত করা হবে, যা সাবেক পরিকল্পনা উপদেষ্টা অনুমোদন দিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত