ফায়ার সার্ভিসের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান মহাপরিচালকের

স্বচ্ছতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। গতকাল রবিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

দরবারে পরিচালক, প্রকল্প পরিচালকসহ ঢাকায় কর্মরত সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সব বিভাগের বিভাগীয় উপপরিচালক, জেলা কর্মকর্তা এবং ফায়ার স্টেশনের কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

মহাপরিচালক চাকরি শৃঙ্খলা বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্মান বজায় রাখার জন্য সবাইকে নির্দেশনা দেন। তিনি আসন্ন নিয়োগ কার্যক্রমকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

নিয়োগসংক্রান্ত বিষয়ে বাহিনীর কোনো সদস্য যেন অনৈতিক কাজে জড়িত না হন সে জন্য তিনি সবাইকে সতর্ক থাকতে বলেন। একই সঙ্গে তিনি এ সংক্রান্ত অধিদপ্তরের সব আদেশ-নির্দেশ বাহিনীর সব পর্যায়ের সদস্যকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সর্বস্তরে বদলির ক্ষেত্রে যে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা হয়েছে তা বজায় রাখার জন্য মহাপরিচালক সবার আন্তরিক সহযোগিতা প্রার্থনা করেন। পাশাপাশি তিনি বিভিন্ন কল্যাণমূলক কাজের তথ্যও উপস্থাপন করেন। এ ছাড়া সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে তিনি প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণের জন্য সবাইকে নির্দেশনা প্রদান করেন।