সরকারে ঢোকার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি

ভালো কাজের জন্য মূল্য দিতে হয় জেনেই অন্তর্র্বর্তী সরকারে যুক্ত হওয়ার ঝুঁকি নিয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তবে সেই ঝুঁকির ‘কাফফারা’ বা মূল্য যে ভয়াবহ হবে, তা কখনো কল্পনা করেননি বলে আক্ষেপ করেছেন তিনি। গতকাল রবিরার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে বর্তমান পরিস্থিতি ও তার বিরুদ্ধে চলা সমালোচনা নিয়ে কথা বলেন ফারুকী।

ফারুকী লেখেন, ‘প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিই। কিন্তু সেটা যে এরকম ভয়াবহ হবে এটা ভাবি নাই। আমাদেরকে নিয়া এমন সব মানুষজন কথা বলতেছে, যাদের উত্তর দিলেও আমাদের ইজ্জত থাকে না। এই মানুষগুলো আমাদের চিনে না, জানে না, জীবনে কোনো দিন আমাদের সিলেবাসেও ছিল না। অথচ এখন সাংবাদিকরা ফোন করে তাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চায়।’

নিজের রাজনৈতিক ও পেশাগত অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, তার ক্যারিয়ার পুরোপুরিই বেসরকারি প্রতিষ্ঠাননির্ভর এবং কাজ পাওয়ার জন্য কখনো কোনো সরকারের কাছে যাওয়ার প্রয়োজন পড়েনি। আওয়ামী লীগ সরকারের সঙ্গে সুসম্পর্ক বা ব্যবসার অভিযোগ নাকচ করে তিনি জানান, তার দীর্ঘ ক্যারিয়ারে সরকারি কাজ ১ শতাংশের কম। এমনকি আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এজেন্সিগুলোর সঙ্গেও তার কাজের ইতিহাস অতি সামান্য।

ফারুকী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম, আলহামদুলিল্লাহ। আমার এই রেবেল বা বিদ্রোহী স্বভাবের পরও যে আমি টিকে আছি, তার কারণ ব্র্যান্ডগুলো আমার কাজের ওপর বিশ্বাস রাখত।’ তার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রোপাগান্ডা চালানো হচ্ছে উল্লেখ করে এই নির্মাতা বলেন, ‘এদের মিথ্যাচার বলে দেয় যে, কাজটা ঠিকমতো করতে পারছি।’ স্ট্যাটাসের শেষে নিজের মূল্যবান সময় এ ধরনের ‘ফালতু’ বিষয়ে নষ্ট হওয়ায় বিরক্তি প্রকাশ করেন অন্তর্র্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা।