জয় আর্জেন্টিনা ব্রাজিল জার্মানির

দুর্দান্ত দলীয় কম্বিনেশন

ক্রীড়া ডেস্ক

ইনজুরির কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে রক্ষণভাগের তারকা লিওনার্দো বালের্দির ছিটকে যাওয়ার ধাক্কা সামলে জয়ে ফিরেছে আর্জেন্টিনা। টেক্সাসের কাইল ফিল্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ ব্যবধানে হারিয়ে একটি স্বস্তিদায়ক রাত পার করল লিওনেল স্কালোনির দল। দলের হয়ে গোল দুটি করেন লাউতারো মার্তিনেজ এবং জুলিয়ানো সিমিওনে।

পেশির টান বা ওভারলোড-জনিত সমস্যার কারণে এই ম্যাচে লিওনেল মেসিকে মূল একাদশে রাখা হয়নি। ম্যাচের ৩৭ মিনিটে ডেডলক ভাঙে আর্জেন্টিনা। জিওভানি লো সেলসোর একটি দূরপাল্লার চমৎকার শট ক্রসবারে লেগে ফিরে আসার পর, ফিরতি বলে তাগলিয়াফিকোকে ডি-বক্সের ভেতর ফাউল করেন হন্ডুরাসের মেলেন্দেজ। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্কালোনি আমলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্টিনেজ নিখুঁত শটে বল জালে জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন।

ম্যাচের ৫৪ মিনিটে ফুটবলপ্রেমীরা দেখতে পান এক দৃষ্টিনন্দন দলীয় গোল। সেন্ট্রাল ডিফেন্স থেকে শুরু হওয়া আক্রমণের সূত্র ধরে ডি পল পাস দেন লো সেলসোকে। লো সেলসো বল বাড়িয়ে দেন বক্সের সামনে থাকা লাউতারো মার্টিনেজের দিকে। লাউতারো চমৎকার এক ব্যাকহিল পাসে বল বাড়িয়ে দেন ডানপ্রান্ত দিয়ে বক্সে ঢোকা জুলিয়ানো সিমিওনেকে। দারুণ এক কোনাকুনি ফিনিশিংয়ে আর্জেন্টিনার হয়ে ২-০ ব্যবধান নিশ্চিত করেন সিমিওনে।

জয় সত্ত্বেও চিন্তার ভাঁজ

ক্রীড়া ডেস্ক

ক্লিভল্যান্ডের হান্টিংটন ব্যাংক ফিল্ডে বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মিসরের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। লক্ষ্য ছিল বিশ্বকাপের চূড়ান্ত একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও উত্তর খোঁজা। কার্লো আনচেলত্তির দল ম্যাচটি ২-১ ব্যবধানে জিতলেও, মাঠের পারফরম্যান্স কোচের জন্য উত্তরের চেয়ে নতুন কিছু প্রশ্ন ও বড় দুশ্চিন্তা রেখে গেল।

তীব্র গরমের মধ্যে অনুষ্ঠিত এই ম্যাচের শুরুটা ব্রাজিলের জন্য ছিল দারুণ। ম্যাচের মাত্র ৮ মিনিটে হাই-প্রেসিং ফুটবল খেলে মিসরের রক্ষণভাগকে চাপে ফেলে বল কেড়ে নেন ব্রুনো গিমারেস। এরপর নিজের নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে বল জালে জড়িয়ে ব্রাজিলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। ১০ মিনিটে রক্ষণভাগের অভিজ্ঞ তারকা মারকিনহোস গোলরক্ষক অ্যালিসনকে ব্যাক-পাস দিতে গিয়ে মারাত্মক ভুল করে বসেন। মিসরের ফরোয়ার্ড ‘জিকো’ সেই বল কেড়ে নিয়ে আলিসনকে পরাস্ত করে সমতা ফেরান।

ম্যাচের ১৫ মিনিটে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় ধাক্কাটি আসে, যখন দলের এক নম্বর রাইট-ব্যাক ওয়েসলি গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন।  দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনহা বাম প্রান্ত দিয়ে আক্রমণ শানিয়ে দারুণ এক পাস বাড়িয়ে দেন ডি-বক্সে। সেখানে থাকা এনদ্র্রিক প্রথম ছোঁয়াতেই বুলেট গতির শটে মিসরের গোলরক্ষককে পরাস্ত করে ব্রাজিলের জয়সূচক গোল (২-১) এনে দেন। এটি জাতীয় দলের জার্সিতে এনদ্র্রিকের চতুর্থ গোল।

আয়োজকদের হার

ক্রীড়া ডেস্ক

নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জার্মানির বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে গেছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। হারলেও সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠের লড়াইয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে মার্কিনরা। তবে এই হারের ফলে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে টানা ১১ ম্যাচে জয়হীন থাকার এক অনাকাক্সিক্ষত রেকর্ডের মুখে পড়ল তারা।

শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ঠাসা দর্শকের গ্যালারিকে স্তব্ধ করে দিয়ে ম্যাচের দুই মিনিট হওয়ার আগেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। জোশুয়া কিমিচের নেওয়া নিখুঁত ফ্রি-কিক খুঁজে নেয় বক্সে অরক্ষিত থাকা কাই হাভার্টজকে। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের মতো এখানেও ম্যাচের শুরুর দিকেই দুর্দান্ত এক হেডে মার্কিন গোলরক্ষক ম্যাট ফ্রিসকে পরাস্ত করেন এই জার্মান ফরোয়ার্ড।

বিরতির ১০ মিনিট আগে সমতায় ফেরে তারা। কর্নার থেকে উড়ে আসা বল জার্মান রক্ষণভাগ ক্লিয়ার করলেও বক্সের লাইনে দাঁড়িয়ে তা বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন অ্যান্টোনি রবিনসন। সেখান থেকে নেওয়া তার বুলেট গতির এক অনবদ্য ফুলভলি সরাসরি আছড়ে পড়ে অলিভার বাউম্যানের জালের ছাদে। খেলার ধারার বিপরীতে গিয়ে আবারও লিড নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের অধিনায়ক পুলিসিকের একটি জোড়া আক্রমণ দুর্দান্তভাবে রুখে দেন জার্মান কিপার বাউম্যান। সেখান থেকেই কাউন্টার-অ্যাটাকে ওঠে জার্মানি। হাভার্টজের বাড়িয়ে দেওয়া বল ধরে বক্সের কোণ থেকে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন লেরয় সানে।