জমি নিয়ে বিরোধ: বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের 

গাইবান্ধা সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে রুমন মিয়া (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই রুহিত মিয়া (২০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই নারীকে আটক করেছে পুলিশ।

রবিবার (৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের পূর্ব পিয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুমন মিয়া ওই গ্রামের মৃত ফারুক আহম্মেদের ছেলে। আর রুহিত মিয়া স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিল। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের বাসিন্দা ছানা হাজীর ছেলে রাকিবের সঙ্গে একই গ্রামের মৃত ফারুকের ছেলে রুহিতের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গতকাল রবিবার রাতে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাকিব ধারালো অস্ত্র দিয়ে রুহিতের ওপর হামলা করে। এ সময় বড় ভাইকে বাঁচাতে ছোট ভাই রুমন এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে।

পরে স্থানীয় লোকজন তাদের দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য রাকিবের মা বেবি বেগম (৫৫) ও স্ত্রী ইতি বেগমকে (৩০) আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন।