মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে চুরির অভিযোগে গণপিটুনিতে রাজীব (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত রাজীব পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের বাসিন্দা। তিনি ফুলবরের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সিংগাইর থানার জিয়ানগর (বান্দাইল) গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে চুরি হয়। অভিযোগ রয়েছে, রাজীব বাড়ির টিনশেড ঘরের উত্তর পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করেন। এ সময় তার আরও চার-পাঁচজন সহযোগী বাড়ির বাইরে অবস্থান করছিলেন।
অভিযোগ অনুযায়ী, ঘরে প্রবেশের পর নগদ প্রায় ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে বাইরে থাকা সহযোগীদের কাছে হস্তান্তর করা হয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ সময় গৃহকর্তা মোহাম্মদ হাকিম আলী বিষয়টি টের পেয়ে বাধা দিলে তার সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে তিনি মাথার ডান পাশে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকাবাসী রাজীবকে আটক করে গণপিটুনি দেয় বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা আল-আমিন জানান, নিহত রাজীবের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ ছিল বলে জানা যায়।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।