স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল

আসন্ন বিশ্বকাপে স্পেনের হয়ে মাঠ মাতাতে প্রস্তুত ১৮ বছর বয়সী তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ভক্তদের দুটি অদ্ভুত ও আকর্ষণীয় প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় এসেছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। নিজের ইউটিউব চ্যানেলে এক প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, স্পেন যদি এবার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে, তবে তিনি বিশেষ কিছু করতে যাচ্ছেন।

ইয়ামালকে জিজ্ঞেস করা হয়েছিল, স্পেন বিশ্বকাপ জিতলে তিনি কী করবেন? হাসতে হাসতে এই তরুণ জানান, শিরোপা জিতলে তিনি টানা তিন সপ্তাহ শেভ না করে পুরো মুখে দাড়ি ও গোঁফ রাখবেন। ক্যামেরাম্যান এক বছরের কথা বললেও ইয়ামাল তিন সপ্তাহের জন্য রাজি হন।

শুধু দাড়ি রাখাই নয়, ইয়ামাল প্রতিশ্রুতি দিয়েছেন স্পেন চ্যাম্পিয়ন হলে তিনি ভক্তদের মাঝে ১০০ জোড়া দামী 'বিটস বাই দ্রে' হেডফোন উপহার দেবেন। বাজারে এই প্রিমিয়াম হেডফোনগুলোর এক এক জোড়ার দাম প্রায় ৩৫০ পাউন্ড বা তার বেশি। সেই হিসেবে এই প্রতিশ্রুতির পেছনে ইয়ামালের পকেট থেকে খসবে প্রায় ৩৫,০০০ পাউন্ড (বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৩৫ লক্ষ টাকার সমান)। উল্লেখ্য, ইয়ামাল বর্তমানে এই বিশ্বখ্যাত অডিও ব্র্যান্ডটির শুভেচ্ছাদূত।

গত এপ্রিল মাস থেকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা এই বার্সা উইঙ্গারকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিল স্পেন। তবে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে আশাবাদী যে, আগামী ১৫ জুন গ্রুপ 'এইচ'-এ কেপ ভার্দের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই এই তারকাকে পাওয়া যাবে, "যদি আগামী কয়েকদিনে নতুন কোনো সমস্যা তৈরি না হয়, তবে আমরা আশা করছি ১৫ তারিখের ম্যাচে তিন জনই (ইয়ামাল, নিকো উইলিয়ামস, ভিক্টর মুনিয়োজ সিলেকশনের জন্য অ্যাভেইলেবল থাকবেন। তারা খেলার মতো অবস্থায় থাকবেন বলেই আমার বিশ্বাস।"