যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হলে আবেদনকারীকে ৩০ দিনের মধ্যে ভিসা বন্ড পরিশোধ করতে হবে। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর ভিসার শর্ত মেনে চললে, অর্থাৎ দেশটিতে কাজ না করলে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে এলে বন্ডের অর্থ ফেরত পাওয়া যাবে।
সোমবার (৮ জুন) ঢাকার মার্কিন দূতাবাস ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী-
১. ভিসা সাক্ষাৎকারের পর যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা আবেদনকারীকে pay.gov-এর সরাসরি লিংকসহ অর্থ পরিশোধের নির্দেশনা দেবেন।
২. নির্দেশনা পাওয়ার পর ৩০ দিনের মধ্যে বন্ডের অর্থ পরিশোধ করতে হবে।
৩. সর্বোচ্চ তিন মাস মেয়াদি, একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেওয়া হবে।
৪. নির্ধারিত কিছু ‘পোর্ট অব এন্ট্রি’ দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে।
৫. দেশে ফিরে আসার পর ভিসার সব শর্ত পূরণ করা হলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং জমা দেওয়া অর্থ ফেরত দেওয়া হবে।
শর্তগুলোর মধ্যে রয়েছে-যুক্তরাষ্ট্রে কোনো ধরনের কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে আসা।
উল্লেখ্য, বাংলাদেশি নাগরিকদের বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) ভিসার ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে ন্যূনতম ৫ হাজার ডলার থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে।