দুর্যোগ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ মহড়া শুরু

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে যৌথ মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ড। ‘গার্ডিয়ান শার্ক’ নামের এ মহড়া আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। এতে খরস্রোতা পানিতে উদ্ধার অভিযান ও চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সোমবার (২ নভেম্বর) যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জরুরি পরিস্থিতি ও সংকট মোকাবিলায় দুই বাহিনীর প্রস্তুতি আরও জোরদার করা এ মহড়ার অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি যৌথভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে অভিন্ন কৌশল গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মহড়ায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও কার্যকর পদ্ধতি বিনিময়ের পাশাপাশি বাস্তব পরিস্থিতির আদলে তৈরি বিভিন্ন অনুশীলনে অংশ নেবেন। এর মধ্য দিয়ে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় দুই বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘গার্ডিয়ান শার্ক’ মহড়া আঞ্চলিক নিরাপত্তার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। এ ধরনের যৌথ উদ্যোগের মাধ্যমে দুই দেশের সহযোগিতার সম্পর্ক আরও গভীর হচ্ছে। একই সঙ্গে একটি মুক্ত, অবাধ, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলার অভিন্ন প্রত্যয়ও আরও সুদৃঢ় হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত