টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারি আটক ১

কক্সবাজারের টেকনাফে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (৮ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় ৮ জুন সোমবার রাত ২টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। 

জব্দকৃত ইয়াবা, প্রাইভেটকার ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।