রামুতে ছেলের গুলিতে বাবার মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম

কক্সবাজারের রামুতে পারিবারিক বিরোধের জেরে ছেলের গুলিতে বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত মো. আয়াছ (৬৫) উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ধেচুয়াপালং তেলখোলা এলাকার মৃত আমিন মো. আলীর ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত জুবায়ের পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) রাত প্রায় ১১টার দিকে নিজ বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জুবায়ের তার পিতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মো. আয়াছ গুরুতর আহত হন।

স্বজনরা তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৭ জুন) দুপুর ২টার দিকে তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দারা জানান, পুত্রের হাতে পিতার মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনায় তারা স্তম্ভিত। তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “পিতাকে গুলি করার ঘটনাটি আমরা জেনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত