সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন ডাচ বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার। আর চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে সাউথ এশিয়া ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির সাবেক এমডি কাজি শায়রুল হাসানকে।
সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক দু'টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার ও চেয়ারম্যান কাজি শায়রুল হাসানকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।
আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী আবেদুর রহমান সিকদারকে নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।
নিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী দেশ রূপান্তরকে বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং চেয়ারম্যান কাজি শায়রুল হাসানের নিয়োগসংক্রান্ত চিঠি বাংলাদেশ ব্যাংক পেয়েছে। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিক অনুমোদনের বাকি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এসব কার্যক্রম শেষ হলে নিয়োগ কার্যকর হবে।