এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৯ পিএম

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে ব্যাংকটির কার্যক্রম সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে পরিচালিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। একীভূতকরণের অংশ হিসেবে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয় এবং ব্যবস্থাপনা পরিচালকদের অপসারণ করা হয়। পরে ব্যাংকগুলোর কার্যক্রম তদারকি ও স্বাভাবিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ দেয়।

গত জুন মাসে সরকার কাজি শায়রুল হাসানকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আবেদুর রহমান শিকদারকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়। নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ব্যাংক পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এক্সিম ব্যাংক থেকে প্রশাসক শওকাতুল আলম এবং তার প্রতিনিধিদের প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী আগস্ট মাসের মধ্যে একীভূত হওয়া বাকি চারটি ব্যাংক থেকেও প্রশাসক প্রত্যাহার করা হবে। এরপর এসব ব্যাংকের কার্যক্রম সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই পরিচালিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত