লা কুরনভ পার্কে এমসি ইনস্টিটিউট ফ্রান্সের শিক্ষা সফর অনুষ্ঠিত

ফ্রান্সে বসবাসরত বাংলা ভাষাভাষী নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশে অনন্য উদ্যোগ হিসেবে প্যারিসের অদূরে অবস্থিত লা কুরনভ পার্কে অনুষ্ঠিত হয়েছে এমসি ইনস্টিটিউট ফ্রান্সের দিনব্যাপী শিক্ষা সফর।

গতকাল রবিবার (৭ জুন) আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে পার্কটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

প্রকৃতির সান্নিধ্যে শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা ও সামাজিক দক্ষতা বিকাশের লক্ষ্য নিয়ে আয়োজিত এ সফরে ছিল নানা ধরনের শিক্ষামূলক ও বিনোদনমূলক আয়োজন। খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং দলীয় কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দ উপভোগ করেছে, তেমনি পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি চর্চার সুযোগও পেয়েছে।

প্রতিষ্ঠানের সভাপতি ও প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা শরীফ আল মোমীন।

এছাড়া বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান, উপদেষ্টা ও ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, কবি তোফায়েল আহমেদ জয়নুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিভার্সিটি কলেজের সাবেক প্রভাষক মোহাম্মদ খফরুল ইসলাম, মুশাররফ চৌধুরী, ইনু মিয়া, এম ডি বদরুল ইসলাম, হাবিবা কাওছার, নাসিমা বেগম ও সৌয়দা সাদিয়াসহ বিপুলসংখ্যক অভিভাবক। তাদের পক্ষ থেকেও শিক্ষা সফরের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে মাওলানা বদরুল বিন হারুন বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী ও অংশগ্রহণমূলক কার্যক্রম অপরিহার্য। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।

প্রধান উপদেষ্টা শরীফ আল মোমীন বলেন, প্রবাসে বেড়ে ওঠা শিশুদের মাঝে বাংলা ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতে এমসি ইনস্টিটিউট নিরলসভাবে কাজ করছে। শিক্ষা সফরের মতো আয়োজন তাদের আত্মবিশ্বাস ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।

সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমানের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য যেমন বিনোদনের, তেমনি বাস্তব শিক্ষারও একটি কার্যকর মাধ্যম। এখানে তারা একে অপরের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পায়।

মোহাম্মদ মাহবুব হোসাইন বলেন, প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি এমসি ইনস্টিটিউটের ধারাবাহিক শিক্ষামূলক কার্যক্রমের প্রশংসা করেন।

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যেও ছিল উচ্ছ্বাসের ছাপ। তারা জানান, বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি নতুন অনেক বিষয় জানার সুযোগ হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রম তাদের কাছে দিনটিকে স্মরণীয় করে তুলেছে।

শিক্ষা সফরের সমাপনী পর্বে আয়োজকদের পক্ষ থেকে সকল অতিথি, অভিভাবক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম পরিচালনার প্রত্যয়ও ব্যক্ত করা হয়। প্রবাসী নতুন প্রজন্মের মধ্যে শিক্ষা, নৈতিকতা, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার চর্চা জোরদারে এমসি ইনস্টিটিউট ফ্রান্সের এ আয়োজন অংশগ্রহণকারীদের কাছে এক অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।